মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়, যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার বিকাশের লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আয়োজন করা হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি নক আউট হাডুডু টুর্নামেন্ট-২০২৬’। এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঘিওর ডি.এন. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় কুস্তা আল-আমিন সংঘ, ঘিওর এবং সাইংজুরী রামেশ্বর পট্টি যুব সংঘ, ঘিওর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কুস্তা আল-আমিন সংঘকে বিজয়ী ঘোষণা করা হয়।
খেলায় দুই দলের খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা, শক্তি, কৌশল ও দলীয় সমন্বয়ের মাধ্যমে ফাইনালে ওঠার লড়াইয়ে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি মহিষ এবং রানার্সআপ দল পাবে একটি ষাঁড়। ব্যতিক্রমী এ পুরস্কারকে ঘিরে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী সায়লা কবির।
খেলা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মো. শওগত আলী খানের সঞ্চালনায় খেলাটির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত, জেলা যুবদলের অন্যতম সদস্য মো. আমির হামজা পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী লিটন আইচ, মো. আব্দুল আলিম খান, মৃধা মোহাম্মদ মাসুদ রানা, সাবেক প্যানেল মেম্বার সূর্য খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই বাংলা/এমএস