মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

খেলাধুলায় সামাজিক ব্যাধি প্রতিরোধের আহ্বান ইউএনওর

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

খেলাধুলার পরিবেশ তৈরি ও খেলোয়াড়দের সমস্যা জানার ব্যতিক্রমী উদ্যোগে সাড়া পড়েছে মিনি স্টেডিয়াম মাঠে। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে প্রায় ৩০০ খেলোয়াড় এ আয়োজনে অংশ নেন। চায়ের আড্ডায় খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় খেলোয়াড়রা তাঁদের খেলার সরঞ্জাম ও মাঠসংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলো নোট করে সমাধানের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

সোমবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন প্রায় ৩০০ খেলোয়াড়। ইউএনও আরিফুর রহমান অন্যান্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করলে খেলোয়াড়দের হাতে চায়ের কাপ তুলে দেওয়া হয়। চায়ে চুমুক দিতে দিতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ইউএনও ও কর্মকর্তারা। এমন আয়োজনে আনন্দ প্রকাশ করেন খেলোয়াড়রাও।

পরিচিতি পর্ব শেষে বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহসহ সব সামাজিক ব্যাধি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই। গ্রামের প্রতিটি মাঠ খেলোয়াড়দের পদচারণায় মুখরিত থাকবে—এটাই প্রত্যাশা। খেলাধুলার বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন সব সময় পাশে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা প্রকৌশলী মাকছুদার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সুমনসহ অন্যরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর