সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু আনভীর স্টেডিয়াম পরিদর্শনে সন্তুষ্ট ইসিবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের আগে সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধিদল। সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির এই স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

পরিদর্শনের সময় তাঁরা স্টেডিয়ামের মূল মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম ও সুইমিংপুলসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি মাঠের সুযোগ-সুবিধা, সম্প্রচার ও গণমাধ্যম ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা, দর্শক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থাও পর্যবেক্ষণ করেন।

এ সময় ইংল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইসিবির প্রতিনিধিদল সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেনি। তবে তাদের সন্তুষ্টির বিষয়টি জানান সৈয়দ আব্দুল বাতেন। তিনি বলেন, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। তাদের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করানো হয়েছে। স্টেডিয়ামের ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম ও সুইমিংপুলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেখে প্রতিনিধিদলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

সৈয়দ আব্দুল বাতেন আরও বলেন, বসুন্ধরা এলাকার এই ক্রীড়া স্থাপনার সুযোগ-সুবিধা অসাধারণ। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার ও গণমাধ্যম সুবিধা, চিকিৎসাসেবা, দর্শক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা—সবকিছুই প্রতিনিধিদল খুঁটিয়ে দেখেছে। এ ধরনের সমন্বিত সুযোগ-সুবিধা দেশের সব ভেন্যুতে নেই বলেও উল্লেখ করেন তিনি।

ইসিবির ইতিবাচক প্রতিক্রিয়ায় আশাবাদী এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান। তিনি বলেন, ইংল্যান্ডের প্রতিনিধিদল ড্রেসিংরুমসহ স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে। দেশে ফিরে তারা নিজস্ব বোর্ডের কাছে বিস্তারিত প্রতিবেদন দেবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে কথা বলে স্টেডিয়ামের সুযোগ-সুবিধা নিয়ে তাঁদের উচ্ছ্বাসের বিষয়টি বোঝা গেছে।

নির্ধারিত সময়ে ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইমরুল হাসান।

২০২৭ সালের বাংলাদেশ সফরে ইংল্যান্ড দল তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। মূল সিরিজ শুরুর আগে জো রুট, হ্যারি ব্রুক ও জফরা আর্চারদের নিয়ে গঠিত ইংল্যান্ড দলের একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামকে বিবেচনা করা হচ্ছে।

এর আগে বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল। এবার ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে স্টেডিয়ামটির সক্ষমতা তুলে ধরার আরেকটি সুযোগ তৈরি হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ