চা গাছের সারির ফাঁকে ফাঁকে এখন নির্বাচনী আলোচনা। কোথাও প্রার্থীদের প্রচারণা, কোথাও ভোটের হিসাব-নিকাশ, আবার কোথাও পছন্দের প্রার্থী নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে মৌলভীবাজারসহ দেশের চা বাগানগুলোতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। তবে শুধু নেতৃত্ব নির্বাচন নয়, এবারের ভোটের মধ্য দিয়ে দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকারহীনতার অবসান চান চা শ্রমিকরা।
আগামী ২৮ নভেম্বর দেশের সাতটি ভ্যালির ২৩০টি চা বাগানে একযোগে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এতে ১ লাখ ৪৮ জন চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৩০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণের কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্ধারিত নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। এবার বাগান পর্যায়ের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রতিনিধি নির্বাচন করা হবে।
নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণা জমে উঠলেও শ্রমিকদের মধ্যে রয়েছে নানা প্রত্যাশা। তাঁদের অন্যতম দাবি, নির্বাচনের আগে প্রার্থীরা লিখিত ইশতেহার প্রকাশ করে শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরবেন। তবে এখন পর্যন্ত কোনো প্যানেলই ইশতেহার প্রকাশ করেনি। ফলে নির্বাচিত হওয়ার পর শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নে নতুন নেতৃত্ব কতটা কার্যকর ভূমিকা রাখবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের।
কেন্দ্রীয় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পংকজ কন্দ ও রাজু গোয়ালা। লটারিতে পংকজ কন্দ পেয়েছেন আনারস এবং রাজু গোয়ালা পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক। সাধারণ সম্পাদক পদে লড়ছেন পরেশ কালিন্দী, নিপেন পাল ও মুকেশ কর্মকার। তাঁদের মধ্যে পরেশ কালিন্দী পেয়েছেন হরিণ, নিপেন পাল মোরগ এবং মুকেশ কর্মকার পেয়েছেন ফুটবল প্রতীক।
নির্বাচনী আলোচনার মধ্যেও শ্রমিকদের মুখে ঘুরেফিরে আসছে দীর্ঘদিনের বঞ্চনার কথা। নারী চা শ্রমিক দুখিয়া রবিদাশ বলেন, চা শ্রমিকদের এখনো ভূমির অধিকার নিশ্চিত হয়নি। শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবস্থাও অত্যন্ত নাজুক। সিলেটের কোনো চা বাগানেই সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। বাগানে হাসপাতাল থাকলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসাসেবা পাওয়া যায় না। প্রশিক্ষিত নার্স কিংবা মিডওয়াইফের ব্যবস্থাও নেই।
তিনি বলেন, বছরের পর বছর কাজ করেও অনেক অস্থায়ী শ্রমিক স্থায়ী হতে পারছেন না। ওজনে ঠকানোসহ নানা অনিয়মের শিকার হতে হয় তাঁদের। বিশেষ করে বাগানের সেকশনে খাবার পানি ও শৌচাগারের ব্যবস্থা না থাকায় নারী শ্রমিকদের দুর্ভোগ আরও বেশি।
চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস মনে করেন, এবারের নির্বাচনে শ্রমিকদের মৌলিক অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ এবং পূর্ণাঙ্গ রেশন চালুর প্রতিশ্রুতি থাকতে হবে।
তাঁর প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ভ্যালির প্রতিটি বাগানে এমবিবিএস চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফ নিয়োগের পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। ভ্যালি পর্যায়ে চা শ্রমিকদের জন্য ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ, সিলেটে শ্রম আদালত স্থাপন, শ্রম আইনের শ্রমিকস্বার্থবিরোধী ধারা বাতিল এবং সব চুক্তি বাংলায় সম্পাদনের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কোম্পানির লভ্যাংশে শ্রমিকদের ন্যায্য অংশ নিশ্চিত করা এবং তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি।
তবে নির্বাচনে রাজনৈতিক প্রভাবের আশঙ্কা নাকচ করেছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী পরেশ কালিন্দী। তিনি বলেন, শ্রমিকরা নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচিত প্রতিনিধিরা শ্রমিকদের ভাগ্যোন্নয়নে কাজ করবেন। নির্বাচনে রাজনৈতিক প্রভাব নেই এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে কোনো শঙ্কাও নেই।
আরেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপেন পাল বলেন, দীর্ঘ আট বছর পর নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সৎভাবে শ্রমিকদের পাশে থাকলে তাঁরা যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন।
শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন বলেন, চা শ্রমিক অধ্যুষিত শ্রীমঙ্গলে নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এ নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পাঁচ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, দীর্ঘ আট বছর পর নির্বাচনকে ঘিরে চা বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন কাজ করছে। আশা করছি, সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।
চা বাগানের শ্রমিকদের কাছে এবারের নির্বাচন কেবল প্রতিনিধি বাছাইয়ের আনুষ্ঠানিকতা নয়; বরং দীর্ঘদিনের দাবি-দাওয়া বাস্তবায়ন ও নিজেদের অধিকার প্রতিষ্ঠার নতুন প্রত্যাশা। এখন দেখার বিষয়, ভোটের মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃত্ব শ্রমিকদের সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।
এই বাংলা/এমএস