বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এ পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।
এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাঁদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ হাজার ২২২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী। গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন পেয়েছেন ‘এ প্লাস’, ১ হাজার ৫০৮ জন ‘এ’, ৩ হাজার ৩০২ জন ‘এ মাইনাস’, ৩ হাজার ৫২৪ জন ‘বি’, ২ হাজার ১০৭ জন ‘সি’ এবং ৪৬ জন ‘ডি’ গ্রেড।
সোমবার দুপুর ১২টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ ফলাফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
ফল ঘোষণা করে উপাচার্য বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বাড়ানো নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। মাত্র ৪১ কর্মদিবসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
স্থগিত ফলাফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে পরীক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য। বাউবিকে মানবিক ও গুণগত শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
ফল প্রকাশ অনুষ্ঠানটি বাউবির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট result.bou.ac.bd থেকে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
এসএমএসে ফল জানতে—
গ্রামীণফোন: মেসেজ অপশনে PB BOU Student ID লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: PB BOU 19011010048।
টেলিটক: BOU Student ID লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।
রবি ও বাংলালিংক: BOU Student ID লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।