‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচি পালিত হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ডিমলায় গরুর খামার রয়েছে প্রায় ৭ হাজার ৮০০টি এবং ছাগলের খামার ২ হাজার ১৩৮টি। উপজেলায় গরুর সংখ্যা প্রায় ২ লাখ ৫ হাজার ১২১টি এবং ছাগলের সংখ্যা প্রায় ২ লাখ ৩৫ হাজার। এ ছাড়া বছরে দুধ উৎপাদনের পরিমাণ প্রায় ২৮ হাজার ৩০০ মেট্রিক টন এবং মাংস উৎপাদন প্রায় ২ হাজার মেট্রিক টন। ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) শাহনুর আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, জেলা জামায়াতে ইসলামীর কমিটি পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম রাব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুর ইসলাম লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী রকেনুজ্জামান বকুল, সাবেক সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, সাবেক বায়তুলমাল সেক্রেটারি ওহেদুজ্জামান বাবুল এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী ও খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবন-জীবিকার সঙ্গে প্রাণিসম্পদ খাতের গভীর সম্পর্ক রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইউএনও ইমরানুজ্জামান বলেন, তাঁর জানা মতে, ডিমলা উপজেলায় জনসংখ্যা প্রায় ৩ লাখ এবং পরিবারের সংখ্যা ৬৩ হাজার ৫৩৫। বিপরীতে উপজেলায় খামারির সংখ্যা প্রায় ১৭ হাজার। তিনি বলেন, আগামীতে উপজেলার প্রতিটি পরিবারকে খামার কার্যক্রমের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পশুর রোগ প্রতিরোধ, উন্নত জাতের গবাদিপশু পালন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি খামারিদের গবাদিপশু ও পাখি পালনের বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। এতে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এই বাংলা/এমএস