পরিবারের জন্য খাঁটি দুধের চাহিদা মেটাতে শখের বশে মাত্র তিনটি গরু দিয়ে যাত্রা শুরু করেছিলেন। সময়ের ব্যবধানে সেই ছোট উদ্যোগই রূপ নিয়েছে বড় কৃষি-বাণিজ্যিক প্রতিষ্ঠানে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গড়ে ওঠা ‘স্বপ্না এগ্রো ডেইরি ফার্ম’ এখন সফলতার এক দৃষ্টান্ত। খামারটিতে বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০০ থেকে ৬০০টি গরু রয়েছে। বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় অসহায় পরিবার, এতিমখানা ও মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের নিয়মিত বিনা মূল্যে দুধ সরবরাহ করছেন খামারটির স্বত্বাধিকারী হুমায়ুন কবির খোকন।
সরেজমিনে তারাকান্দার স্বপ্না এগ্রো ডেইরি ফার্মে গিয়ে দেখা যায়, আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে গড়ে তোলা হয়েছে খামারটি। সারি সারি শেডে উন্নত জাতের গাভি ও বাছুরের পরিচর্যায় ব্যস্ত অর্ধশতাধিক শ্রমিক। খামার কর্তৃপক্ষের দাবি, এখানে উৎপাদিত খাঁটি দুধ স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে দুধ ও দুগ্ধজাত পণ্য বিদেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে তাদের।
খামারটিকে ঘিরে এলাকার অনেক দরিদ্র পরিবারের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় বহু বেকার যুবক ও শ্রমিক। খামারের শ্রমিক আব্দুল কাদের বলেন, ‘আগে এলাকায় তেমন কোনো স্থায়ী কাজ ছিল না। সংসার চালাতে খুব কষ্ট হতো। এই খামার হওয়ার পর থেকে এখানে নিয়মিত কাজ করছি। মাস শেষে ভালো বেতন পাই। তা দিয়ে ছেলেমেয়ের পড়াশোনা ও সংসার ভালোভাবেই চলছে।’
আরেক শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘এখানে গরুগুলোর খুব যত্ন নেওয়া হয়। কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা ভেজাল খাবার ব্যবহার করা হয় না। মালিক নিজেও সব সময় খামারের খোঁজখবর রাখেন এবং আমাদের পরিবারের সদস্যদের মতো দেখেন।’
খামারটির সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারাও। মফিজুল ইসলাম বলেন, ‘বাজারে এখন খাঁটি দুধ পাওয়াটাই বড় দায়। কিন্তু স্বপ্না এগ্রো ফার্মের কারণে আমরা নির্ভেজাল দুধ পাচ্ছি। সবচেয়ে বড় কথা, খোকন সাহেব এলাকার গরিব মানুষ ও এতিম শিশুদের নিয়মিত বিনা মূল্যে দুধ দেন। এটি সত্যিই প্রশংসনীয়।’
স্থানীয় আরেক বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘মাত্র কয়েকটি গরু দিয়ে শুরু করে আজ এত বড় খামার গড়ে তোলা আমাদের এলাকার জন্য গর্বের বিষয়। তাঁকে দেখে এলাকার অনেক শিক্ষিত বেকার যুবকও গবাদিপশু পালনে আগ্রহী হচ্ছেন।’
নিজের উদ্যোগের শুরু ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খামারটির স্বত্বাধিকারী হুমায়ুন কবির খোকন বলেন, ‘শখের বশে প্রথমে দুটি-তিনটি গরু কিনেছিলাম নিজেদের খাঁটি দুধ খাওয়ার জন্য। পরে চিন্তা করলাম, সমাজের অসহায় মানুষের জন্যও কিছু করা উচিত। বিশেষ করে এতিমখানা ও মাদ্রাসার শিশুদের পুষ্টির কথা ভেবে বিনা মূল্যে বিশুদ্ধ দুধ দেওয়ার উদ্যোগ নিই। এভাবেই আল্লাহর রহমতে খামারটি বড় হতে হতে আজ প্রায় ৫০০ থেকে ৬০০ গরু হয়েছে। সবই মহান আল্লাহর রহমত। আমি চাই, দেশের প্রতিটি খামারি মানুষকে বিশুদ্ধ ও ভেজালমুক্ত দুধ সরবরাহ করুক। আমাদের পরবর্তী পরিকল্পনা হলো, এই দুধ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা।’
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম বলেন, ‘তারাকান্দার স্বপ্না এগ্রো ডেইরি ফার্মের এই সাফল্য জেলার প্রাণিসম্পদ খাতের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক। আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা, নিরাপদ ও বিশুদ্ধ দুধ উৎপাদন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি প্রশংসনীয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে খামারটিকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা, টিকাদান এবং ভবিষ্যতে দুধ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির উদ্যোগে সহযোগিতা দেওয়া হবে।’
এই বাংলা/এমএস