‘প্রাণিসম্পদে ভরবো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মঈজ এবং দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, সাংবাদিক ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান খাত। গরু, ছাগল ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি যেমন গতিশীল হচ্ছে, তেমনি বেকার যুবকেরাও স্বাবলম্বী হচ্ছেন।
তাঁরা আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা, রোগ প্রতিরোধে টিকা প্রদান ও সঠিক পরিচর্যার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে সফল খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস