পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক সরকারি সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর (এলজিআই) সঙ্গে অ্যাডভোকেসি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল। সভায় ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গ্রামের অনগ্রসর জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশ নেন।
সভায় সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজসেবা কর্মী নূর-ই-শাহরিন বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর কাছে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টরা কাজ করছেন। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা কাজ করতে চান। এ লক্ষ্যে ব্রেডের সঙ্গে সমন্বয় করে অনগ্রসর জনগোষ্ঠীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় স্থানীয় পর্যায়ে সরকারি সেবা পেতে অনগ্রসর জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা তুলে ধরা হয়। পাশাপাশি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে যোগাযোগ, সমন্বয় এবং অংশগ্রহণ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও বক্তব্য দেন অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজামেল হক মোজাম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন হেলথ ওয়ার্কার ফিরোজা শারমীন, গ্রাম আদালতের মো. মানিক হোসেন, ভিজিডি কর্মসূচির সালমা পারভিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
খ্রিস্টান এইড ও আমরাই পারি’র সহযোগিতায় বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) সভাটির আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রেডের প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রেডের হিসাবরক্ষক আবুল কালাম আজাদ।
এই বাংলা/এমএস