‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নলডাঙ্গার আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। প্রধান অতিথি ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।
সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যক্তি, পরিবার ও সমাজের উন্নয়নে জ্ঞান ও দক্ষতা অর্জনের অন্যতম ভিত্তি হলো সাক্ষরতা। নিরক্ষরতা দূর করে শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দিতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।
তারা আরও বলেন, শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীই একটি উন্নত, সমৃদ্ধ ও টেকসই সমাজ গড়ে তুলতে পারে। তাই ঝরে পড়া শিশু-কিশোর এবং শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। ২০২৬ সালের দিবসটির প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।
এই বাংলা/এমএস