সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই সংসদ সদস্য এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে সরকারি সফরে পাকিস্তান গেছেন সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। এ প্রতিনিধিদলে রয়েছেন মৌলভীবাজারের দুই সংসদ সদস্য এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেন তাঁরা। আগামী ২৮ নভেম্বর সফর শেষে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদলের সদস্য এম নাসের রহমান ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই জেলার দুই সংসদ সদস্যের এ আন্তর্জাতিক সফরকে মৌলভীবাজারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফর উপলক্ষে গত ১৯ নভেম্বর জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৭ নভেম্বর সংসদ সচিবালয় থেকে এ-সংক্রান্ত সভার নোটিশ জারি করা হয়েছিল।

সংশ্লিষ্টদের আশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুই দেশের আইনসভা পরিচালনা, সংসদীয় গণতন্ত্র ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর