সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার এসআরবি-৫-এর

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

রাজশাহী অঞ্চলে মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে গত ছয় মাসে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বাহিনীটি।

সোমবার (২৩ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসআরবি-৫, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক গত ছয় মাসের অভিযানিক সাফল্য এবং সর্বশেষ দুটি বড় অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ছয় মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে এসআরবি-৫। অস্ত্র ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে এ সময়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

সাম্প্রতিক দুটি অভিযানের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ময়না বেগম ও শাহাদাত হোসেন নামে দুজনকে আটক করা হয়। তাঁদের হেফাজত থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

এসআরবি জানায়, আটক দুজন সম্পর্কে ভাই-বোন। তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এবং একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একই সময়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে এসআরবি-৫। অভিযানে হাসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচায় ব্যবহৃত নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

এসআরবি অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর