নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল, সরকারবিরোধী স্লোগান, নাশকতার ষড়যন্ত্র এবং বাসে আগুন দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা হয়েছে। কাঁচপুর এলাকায় একটি বাস এবং মীরেরটেক এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দুটি দায়ের করা হয়।
গত শুক্রবার ও শনিবার রাতে সোনারগাঁ থানায় মামলা দুটি দায়ের করা হয়। দুই মামলায় দলটির শীর্ষ নেতাসহ মোট ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে নাশকতার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে একটি মামলা করেন। শনিবার রাতে এসআই হারুন মিয়া বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
পুলিশের এজাহারে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ঢালুতে প্রকাশ্যে ঝটিকা মিছিল বের করে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেন। দেশকে অস্থিতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে তাঁরা বাসে আগুন দিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ও পাঁয়তারা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় এসআই শামীম রেজা বাদী হয়ে দায়ের করা মামলায় ৯৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৪০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া।
অন্যদিকে, এশিয়ান হাইওয়ে সড়কের মীরেরটেক এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় এসআই হারুন মিয়া বাদী হয়ে অপর মামলাটি করেন। এ মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিব এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুমসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এই বাংলা/এমএস