বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর একাদশ শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) এ উপলক্ষে চট্টগ্রামের রাউজানের গহিরায় তাঁর বাড়িসংলগ্ন কবর প্রাঙ্গণে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পরিবারের সদস্যরা তাঁর কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী; বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী; ছোট ছেলে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী; জামাতা জাফর খানসহ পরিবারের অন্যান্য সদস্য।
কবর প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক জীবন, ব্যক্তিত্ব এবং স্মৃতিবিজড়িত নানা ঘটনা তুলে ধরেন। তাঁদের স্মৃতিচারণায় পুরো কবর প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
এই বাংলা/এমএস