চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে যাত্রা শুরু করেছে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’-এর প্যাকেজিং ইউনিট। সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্য ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জের উদ্যোগে এ ইউনিট গড়ে তোলা হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পর্তুগিজ রাজপরিবারের ঐতিহাসিক পরিচিতিকে যুক্ত করে নতুন এ ব্র্যান্ড আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের পরিচিতি, ব্র্যান্ডিং ও রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
রোববার (২২ নভেম্বর) সকালে মৌলভীবাজারে চা-বাগানসংলগ্ন এলাকায় স্থাপিত প্যাকেজিং ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশি-বিদেশি চা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের চায়ের দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’র পরিচিতি। আয়োজকদের মতে, ঐতিহ্য, গুণগত মান ও আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ ইউরোপের বাজারে বিশেষ অবস্থান তৈরি করতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা। তিনি বলেন, “এটি একটি বড় দায়িত্ব। কারণ, আপনাদের সবকিছুই আছে। চায়ের গুণগত মান রয়েছে, এর পেছনে রয়েছে অসাধারণ অভিজ্ঞতা এবং নিশ্চয়তা। এখানে আমার কাজ হলো সম্ভাব্য সেরা উপায়ে আপনাদের পণ্য—চা তুলে ধরা ও প্রচার করা।”
বাংলাদেশে এসে এখানকার চা-বাগান, প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আন্তরিকতা ও চায়ের গুণগত মান তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি। সিলেটের চা বিশ্ববাজারে সেরা অবস্থানে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইনফান্তা মারিয়া। তাঁর ভাষায়, বাংলাদেশ অত্যন্ত মূল্যবান একটি দেশ এবং চায়ের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যোগ্যতা এ দেশের রয়েছে।
লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান বলেন, বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে বাংলাদেশ চা বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বের প্রতিটি দেশে বাংলাদেশের চা, বিশেষ করে সিলেটের চায়ের পরিচিতি পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।
তিনি জানান, ইতোমধ্যে বিশ্বের ১৪টি দেশ সিলেটের চা আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। লন্ডন টি এক্সচেঞ্জের মাধ্যমে সিলেটের চা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু হওয়ায় বিদেশি ক্রেতাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
চায়ের গুণগত মান ও নিরাপত্তার বিষয়ে শেখ অলিউর রহমান বলেন, তাঁদের প্রতিষ্ঠানের কাছে পণ্যের মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি চা পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। ফলে ভোক্তারা পণ্যটির নিরাপত্তা ও প্রাকৃতিক গুণাগুণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। এতে অতিরিক্ত রং, প্রিজারভেটিভ কিংবা অন্য কোনো উপাদান ব্যবহার করা হয় না বলেও জানান তিনি।
চা খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আন্তর্জাতিক বাজারে শুধু কাঁচা চা রপ্তানি নয়, বরং ব্র্যান্ডিং, ব্লেন্ডিং ও আধুনিক প্যাকেজিংয়ের মাধ্যমে মূল্য সংযোজনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলভীবাজারে চা-বাগানের সান্নিধ্যে গড়ে তোলা এ প্যাকেজিং ইউনিটের পাশাপাশি টি টেস্টিং সুবিধা ও ওয়্যারহাউস চালুর ফলে চায়ের মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ এবং রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, পর্তুগিজ রাজপরিবারের সদস্যের সম্পৃক্ততা নতুন ব্র্যান্ডটির আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে সিলেটের চায়ের বাজার সম্প্রসারণ, ব্লেন্ডিং চায়ের রপ্তানি বৃদ্ধি এবং দেশের চা শিল্পে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।
সিলেট অঞ্চলের শত বছরের চা-ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের এই সংযোগ দেশের চা শিল্পের জন্য কতটা সম্ভাবনাময় হয়ে ওঠে, এখন সেটিই দেখার বিষয়।
এই বাংলা/এমএস