ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শম্ভুগঞ্জ এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে চারজনকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের অন্য সদস্য এবং ইয়াবা সরবরাহের উৎস শনাক্তে তদন্ত করছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস