রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পথে শিশুর বিপদ দেখে থামলেন হুইপ দুলু, শেষ রক্ষা হলো না সাদিপের

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে তিন বছর বয়সী সাদিপের মৃত্যু হয়েছে। স্বজনদের আহাজারি দেখে গাড়ি থামিয়ে শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার শাখারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদিপ ওই এলাকার বকুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি রামশার কাজিপুর থেকে ফেরার পথে শাখারীপাড়া এলাকায় মানুষের ভিড় ও কান্নার শব্দ শুনে গাড়ি থামান হুইপ দুলু। সেখানে গিয়ে পানিতে ডুবে যাওয়া শিশুটিকে ঘিরে স্বজনদের আহাজারি করতে দেখেন তিনি। শিশুটি তখনো জীবিত থাকতে পারে—এমন ধারণা থেকে দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন।

পরে তাঁর সঙ্গে থাকা পুলিশের গাড়িতে করে সাদিপকে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা জানান, দুলু তাঁদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে তাঁর ভাতিজাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

এ বিষয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শিশুটিকে জীবিত মনে হওয়ায় দেরি না করে পুলিশের গাড়িতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। ১০ মিনিটেরও কম সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হলেও চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সফল হয়নি। এ ঘটনায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান বলেন, শিশুটিকে হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসা দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বিষয়টি অবগত রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর