ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক উন্নয়নের সমন্বয়ে পর্যটনসমৃদ্ধ, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক চট্টগ্রাম গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। তরুণ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা, জেলে পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব উদ্যোগের কথা তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নগরের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘ইতিহাসে গৌরব, ঐতিহ্যে প্রাণ, মানবিকতায় গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের ঐতিহ্য, সম্ভাবনা ও আধুনিক উন্নয়নের সমন্বয়ে নান্দনিক ও বাসযোগ্য জেলা গড়ে তুলতে প্রশাসনের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটন, পরিবেশ, শিক্ষা ও সামাজিক উন্নয়নে চট্টগ্রাম নতুন মাত্রা পাবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টায় কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
শারদীয় দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পূজার প্রতিটি দিন আনন্দঘন, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হয়েছে। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
জেলে পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আর্থিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে কোনো শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে পড়াশোনায় সহযোগিতা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব শিশুকে শিক্ষিত, আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই উদ্যোগের মূল লক্ষ্য।
মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ কমাতে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
চট্টগ্রামের পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা তুলে ধরে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান ও সমৃদ্ধ ঐতিহ্যকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে আরও বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ডিসি পার্ককে নান্দনিকভাবে সাজানো হয়েছে। এ ছাড়া সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
পরিবেশ সুরক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হয়েছে। পর্যটন অবকাঠামো ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটন খাতের বিকাশের পাশাপাশি চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত জুলাই থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ নির্দেশনা পাওয়া পাঁচজন জেলা প্রশাসকের মধ্যে চট্টগ্রামও রয়েছে। সেই নির্দেশনার আলোকে পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা শুধু প্রশাসন কিংবা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়। প্রত্যেক নাগরিকের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমেই সুন্দর, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা জেলা প্রশাসকের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। জেলা প্রশাসক সেসব প্রশ্নের উত্তর দেন।
এই বাংলা/এমএস