দিনাজপুরের বীরগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ ও দখল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প-১-এর ৪৩ নম্বর ঘরটি নিজের নামে বরাদ্দ বলে দাবি করছেন ভিক্ষুক আব্দুল হাই। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ওই ঘরে বসবাসের পর সরকারি অর্থায়নে সেটি পাকা করে নির্মাণ করা হলে নতুন ঘরে ওঠার আগেই স্থানীয় গরু ব্যবসায়ী মুকুল ইসলাম তাঁর মালামাল সরিয়ে ঘরটি দখলে নেন।
আব্দুল হাই জানান, ২০০১ সাল থেকে তিনি আশ্রয়ণ প্রকল্পের ওই টিনশেড ঘরে বসবাস করে আসছেন। পরবর্তী সময়ে সরকার ঘরটি পাকা করে নির্মাণ করে। তবে নতুন ঘরে ওঠার আগেই তাঁর মালামাল বাইরে ফেলে দিয়ে মুকুল ইসলাম ঘরটি দখলে নেন বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, মুকুল ইসলামের দাবি, ঘরটি তাঁর নামেই বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি কারও ঘর দখল করেননি। নিজের ও ছেলের নামে দুটি ঘর বরাদ্দ রয়েছে বলেও জানান তিনি। তবে নিজের নামে ৩০ শতাংশ জমি থাকার বিষয়টি স্বীকার করেছেন মুকুল ইসলাম।
বর্তমানে নিজের ঘর হারিয়ে আব্দুল হাই তাঁর শাশুড়ি জরিনা বেগমের নামে বরাদ্দ পাওয়া একটি ছোট ঘরে আশ্রয় নিয়েছেন। সেখানে সন্তান, নাতি-নাতনি ও জামাইসহ মোট ১০ জন সদস্য নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটছে তাঁর পরিবারের। আব্দুল হাইয়ের অভিযোগ, তাঁর জামাই শুভর নামে বরাদ্দ করা ঘরটিও অন্যের দখলে রয়েছে।
আব্দুল হাই আরও অভিযোগ করেন, নিজের প্রায় ৩০ শতাংশ জমি এবং প্রবাসী ছেলে থাকা সত্ত্বেও মুকুল ইসলাম ও তাঁর ছেলের নামে দুটি সরকারি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৩০ শতাংশ সরকারি জমি দখল করে সেখানে পাকা বাড়ি নির্মাণের কাজ চলছে বলেও অভিযোগ তাঁর।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি রহিদুল ইসলাম ঘর দখলের অভিযোগের সত্যতা রয়েছে বলে জানান। তিনি প্রশাসনের কাছে ঘরটি উদ্ধার করে প্রকৃত অসহায় আব্দুল হাইয়ের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।
ঘর উদ্ধারের জন্য গত ২২ জুলাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেন আব্দুল হাই। শতগ্রাম ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তহশিলদার জানান, এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন ইতোমধ্যে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, আবেদনটির বিষয়ে তিনি অবগত নন। আবেদনের কপি হাতে পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রকৃত উপকারভোগীদের কাছে বুঝিয়ে দেওয়া এবং বরাদ্দে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এই বাংলা/এমএস