চট্টগ্রামের হাটহাজারীতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। নগরীর সিআরএ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার দলীয় প্রভাব ও তাঁর লোকজনকে ব্যবহার করে নূর জাহান বেগম এবং তাঁর দেবর আবু আহাম্মদের খতিয়ানভুক্ত জমি দখলের চেষ্টা করছেন। তাঁদের অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে দেয়াল নির্মাণের মাধ্যমে জমিটি জবরদখল করা হচ্ছে।
পরিবারটির আরও অভিযোগ, জমি ছেড়ে না দিলে তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদার। ভুক্তভোগীদের দাবি, ভুয়া দলিল তৈরি করে তিনি তাঁর আপন খালাতো ভাই গোফরানের কাছে জমি বিক্রি করেছেন।
সংবাদ সম্মেলনে তাঁরা জানান, পরিবারের মোট ৮ গণ্ডা জমির মধ্যে ৩ গণ্ডা জমি দেওয়ার জন্য আলাউদ্দিন তালুকদার প্রতিদিন চাপ প্রয়োগ করছেন। এ পরিস্থিতিতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ অবস্থায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সমস্যার সমাধানে প্রশাসন ও ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এই বাংলা/এমএস