কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ নম্বর ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী লাটিয়ার গরুর বাজারটি প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে। একসময় নিয়মিত গরু-ছাগল কেনাবেচার জন্য পরিচিত এ বাজারে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষ আসতেন। তবে দীর্ঘদিন ধরে বাজারটির কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পশু ব্যবসায়ীরা।
স্থানীয়দের দাবি, একসময় জমজমাট থাকা বাজারটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ সম্পর্কে তাঁরা স্পষ্ট কিছু জানেন না। কেন বাজারটির কার্যক্রম বন্ধ রয়েছে, তা নিয়েও এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বাজারটি বন্ধ থাকার পেছনে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক জটিলতা রয়েছে কি না, তা জানতে চান স্থানীয়রা। তাঁদের মতে, বাজারটি চালু থাকলে এলাকার মানুষ সহজেই গরু-ছাগল কেনাবেচার সুযোগ পেতেন। পাশাপাশি কৃষক ও পশু ব্যবসায়ীরাও উপকৃত হতেন।
এ অবস্থায় ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সাধারণ মানুষ স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে ঐতিহ্যবাহী লাটিয়ার গরুর বাজারটি দ্রুত পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাজারটি পুনরায় চালুর উদ্যোগ নেবে। তাঁদের মতে, বাজারটি চালু হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে এবং সাধারণ মানুষ, কৃষক ও পশু ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
এই বাংলা/এমএস