বৈরী আবহাওয়া ও টানা চার দিনের অতিবৃষ্টিতে শস্যভান্ডারখ্যাত নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলে রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসময়ের এ বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সরিষা, আলু, ভুট্টা ও গমসহ বিভিন্ন শীতকালীন ফসলের জমি। এতে চরম হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় হাজারো কৃষক।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় চলনবিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে সরিষা, আলু, ভুট্টা, গম, রসুন ও খেসারিসহ বিভিন্ন ধরনের রবি শস্যের আবাদ করেছিলেন কৃষকেরা। অধিকাংশ জমিতে চারা গজিয়ে বড় হতে শুরু করেছিল। আবার অনেক জমিতে সবেমাত্র বীজ বপন করা হয়েছিল। কিন্তু হঠাৎ বৈরী আবহাওয়ার প্রভাবে টানা ভারী বর্ষণে নিচু ও সমতল জমিতে পানি জমে যায়।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অধিকাংশ ফসলি জমি এখন পানির নিচে। আলু ও সরিষার বীজ পানিতে তলিয়ে পচে যাওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে জলাবদ্ধতার কারণে ভুট্টা ও গমের চারাগুলো হলুদ হয়ে নষ্ট হতে শুরু করেছে।
ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক জানান, ধারদেনা এবং এনজিও থেকে ঋণ নিয়ে তাঁরা এ বছর রবি শস্যের আবাদ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশাও করেছিলেন। কিন্তু টানা চার দিনের বৃষ্টিতে তাঁদের সব স্বপ্ন পানিতে ভেসে গেছে। এখন কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন এবং সংসার চালাবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
এ বিষয়ে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছেন। পানি দ্রুত নিষ্কাশনের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
এই বাংলা/এমএস