শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

‘ধর্ম যার যার, বাংলাদেশটা সবার’—নাটোরে জন্মাষ্টমীর শোভাযাত্রায় দুলু

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মধ্য দিয়ে তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রামের আদর্শ রেখে গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি শ্রী শ্রী শ্যাম সুন্দর বড়তরফ মন্দির প্রাঙ্গণ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “স্বৈরাচারী রাজা কংসকে বধ করার মাধ্যমে শ্রীকৃষ্ণ সেই সময়ের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমরা এখানে একত্রিত হয়েছি শান্তির জন্য।”

তিনি বলেন, “অন্যায়, অবিচার ও স্বৈরশাসনের বিরুদ্ধে শ্রীকৃষ্ণ যে আদর্শ ধারণ করেছিলেন, সেই আদর্শকে সামনে রেখে হিন্দু সমাজ ও এ দেশের মানুষ আগামী দিনে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে—এটাই আমার প্রত্যাশা।”

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে সংসদ সদস্য দুলু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছিলেন। তাঁর লক্ষ্য ছিল—এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবার ধর্মীয় পার্থক্য থাকবে, কিন্তু কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না।”

তিনি আরও বলেন, “আমরা এক। ধর্ম যার যার, বাংলাদেশটা সবার।”

শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তবৃন্দ।

পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর