মোংলা-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ২৩ আগস্ট অনুষ্ঠিত রেলওয়ের মাসিক পর্যালোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কারিগরি ও প্রশাসনিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।
নতুন ট্রেন চালু হলে মোংলা ও আশপাশের এলাকার মানুষের রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের সুযোগ তৈরি হবে। বর্তমানে এ অঞ্চলের যাত্রীদের সড়কপথের ওপর বেশি নির্ভর করতে হয়। রেল যোগাযোগ চালু হলে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি মোংলা বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও পর্যটনেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সভায় মোংলা-ঢাকা রুটের পাশাপাশি দেশের অন্যান্য রেলপথে সেবার পরিধি বাড়ানোর বিষয়েও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে নাজিরহাট লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে উন্নীত করার কার্যক্রম গ্রহণ, জামালপুর এক্সপ্রেসকে সার্কুলার রুটে পরিচালনার সম্ভাব্যতা যাচাই এবং নরসিংদী কমিউটার ট্রেনের অব্যবহৃত রেক ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত নতুন একজোড়া কমিউটার ট্রেন চালুর বিষয়ে কারিগরি মতামত নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
মোংলা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্তকে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে ট্রেন চালুর নির্দিষ্ট তারিখ, সময়সূচি ও ভাড়া সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
এই বাংলা/এমএস