রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির দিকনির্দেশনায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় তাদের সম্পৃক্ততা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নানিয়ারচর জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ চারা বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস