দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজারে বিএডিসি সার ডিলার মো. মোজাহারুল ইসলামের মালিকানাধীন রনি ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পাকেরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, খানসামা উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রনি ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে বিপুল পরিমাণ সার মজুত অবস্থায় পাওয়া যায়। পরে গোডাউন থেকে ৬৬০ বস্তা এমওপি ও ২৬০ বস্তা ডিএপি সারসহ মোট ৯২০ বস্তা সার জব্দ করা হয়।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রনি ট্রেডার্সের গোডাউনে বিপুল পরিমাণ সার মজুত অবস্থায় পাওয়া যায়।
অভিযানের সময় গোডাউনের মালিক ও বিএডিসি সার ডিলার মো. মোজাহারুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না। পরে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোয়ারুল ইসলাম তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।
প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা নির্ধারিত মূল্যের বাইরে বিক্রির অভিযোগে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস