কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানের সময় মোটরসাইকেল ফেলে খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে আত্মগোপনের চেষ্টা করেন এক ব্যক্তি। প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে তাকে আটক করেছে পুলিশ। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পৌরসভার ঠুটা পাইকর এলাকায় এ অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মোটরসাইকেলে করে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে গাঁজা নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। এ তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি দল ঠুটা পাইকর এলাকায় অবস্থান নেয়।
বিকেল সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পাশের সেতুর কাছে খালে ঝাঁপ দেন। পরে কচুরিপানার নিচে লুকিয়ে আত্মগোপনের চেষ্টা করেন তিনি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম মো. মাহবুবুল ইসলাম (৩২)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ এলাকার নুর ইসলামের ছেলে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, ‘আটক মাহবুবুল ইসলাম মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এই বাংলা/এমএস