শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার ‘এফবি নাঈম’ থেকে ১২ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের মধ্যে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। পরে নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা অভিযান চালিয়ে ট্রলারটির অবস্থান শনাক্ত করে জেলেদের উদ্ধার করে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, রাতের অন্ধকার ও উত্তাল সমুদ্রের মধ্যে রাডার প্রযুক্তির সহায়তায় ‘এফবি নাঈম’-এর অবস্থান শনাক্ত করা হয়। পরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ১২ জেলেকে উদ্ধার করে। এ সময় সাগরের অবস্থা সি স্টেট-৪ পর্যায়ে ছিল বলে সংশ্লিষ্টরা জানান।

উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। ট্রলারে থাকা আহত এক জেলেকে নৌবাহিনীর মেডিক্যাল টিম প্রাথমিক চিকিৎসা দেয়।

উদ্ধার কার্যক্রম শেষে নৌবাহিনী ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টেনে নিরাপদে দুবলার চরের বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্টের কাছে নিয়ে যায়। পরে ট্রলারটি কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

বৈরী আবহাওয়ার মধ্যে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে ১২ জেলেকে নিরাপদে উদ্ধারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের নিয়মিত টহল ও নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর