শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

নলডাঙ্গায় গাঁজার গাছসহ গ্রেপ্তার ১, পলাতক ১

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬ ফুট লম্বা ও ১ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুল্লাহেল শাফি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলার এজাহারনামীয় আসামি মো. হুমায়ুন কবির (৪৫) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানের নেতৃত্বে ১০ তারিখ রাত ৮টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া (দরগাপাড়া) গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, হুমায়ুন কবিরের ভোগদখলীয় জমিতে অবৈধভাবে গাঁজা চাষের তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় জমি থেকে আনুমানিক ৬ ফুট লম্বা ও ১ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। সেখান থেকেই আব্দুল্লাহেল শাফিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আব্দুল্লাহেল শাফি ও পলাতক হুমায়ুন কবির পরস্পর ভাই। তারা ওই গ্রামের মো. আব্দুল গনি মন্ডলের ছেলে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আব্দুল্লাহেল শাফিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারনামীয় পলাতক আসামি হুমায়ুন কবিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর