দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে পিরোজপুরে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ অভিযানের উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে যুক্ত হয় পিরোজপুর জেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ভিডিও কনফারেন্স শেষে পিরোজপুরে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম চালানো হয়।
পিরোজপুর প্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী ও সিভিল সার্জন। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস প্রতি শনিবার পিরোজপুর জেলার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ ও পথসভার মতো প্রচার-প্রচারণা চালানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এডিস মশার প্রজননস্থল কমানো সম্ভব হবে।
এই বাংলা/এমএস