সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থ নিশ্চিত করতে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে সহযোগিতা করে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল।

অভিযান সূত্রে জানা যায়, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন সংরক্ষণের দায়ে দুটি মিষ্টির দোকানকে পৃথকভাবে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে একটি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্য একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির পাশাপাশি গ্রাম্য চিকিৎসক হয়েও নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে সিল-প্যাড ব্যবহার করে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ও ৫১ ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর