মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, ততদিন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক নাশকতার ঘটনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এসব ঘটনার সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের সম্পৃক্ততা থাকার কথা নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি বলেছেন, এসব ঘটনা সীমান্তের ওপার থেকে ঘটানো হয়েছে। তবে এর সঙ্গে ডিসেম্বর মাসের কোনো যোগসূত্র রয়েছে বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ দেশে তেমন কিছু করতে পারবে বলে সরকার মনে করে না। তবে দলটির কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে, যা ক্ষমতায় থাকাকালে লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সেই অর্থ ব্যয় করে বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টির চেষ্টা তারা করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার কথা বলেছেন। নিশ্চয়ই তার কাছে এ বিষয়ে তথ্য রয়েছে। তবে এর মাধ্যমে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করা হচ্ছে, সরকার বিষয়টিকে সেভাবে দেখছে না।
তথ্য উপদেষ্টা আরও বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা শুধু ডিসেম্বরেই সীমাবদ্ধ থাকবে না। এ সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা বিভিন্ন সময়ে চলতে পারে। এ প্রসঙ্গে ১৯৯১ সালে সংসদে দেওয়া শেখ হাসিনার একটি বক্তব্যের কথা উল্লেখ করেন তিনি। ওই সময় নির্বাচনে পরাজিত হওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন, তিনি সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেবেন না।

জাহেদ উর রহমান বলেন, আর এখন তাকে বিপুলসংখ্যক মানুষ নিয়ে দেশ ছাড়তে হয়েছে। তাই তিনি বর্তমান সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মনে করে সরকার। তবে এ ধরনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

এই সম্পর্কিত আরো খবর