সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার,নাটোর
  • প্রকাশকালঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার দায়ে মো. জসিম উদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া এলাকার সোহাগী বাজারসংলগ্ন বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিন ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে সংশ্লিষ্ট আইনে জসিম উদ্দিনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি গাড়ির ব্যাটারিও জব্দ করা হয়। জসিম উদ্দিনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার ধুলাউড়ি গ্রামে। তিনি ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি, বিশেষ করে তিন ফসলি জমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর