বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জ-পাবনায় অভিযান, ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১২-এর সিরাজগঞ্জের পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম এ মামুন খান চিশতী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর এসআরবি-১২-এর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের কাছ থেকে পাওয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি দেশীয় অস্ত্র এবং যোগাযোগের কাজে ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর