রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ডিমলায় ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন সাবেক ইউপি সদস্য শেফালী

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বয়স যে শিক্ষার পথে বাধা হতে পারে না, তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর ডিমলা উপজেলার ৫২ বছর বয়সী শেফালী বেগম। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। শেফালী বেগম পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য।

শৈশবে বাবাকে হারানোর পর অভাব-অনটনের মধ্যে বেড়ে ওঠেন শেফালী। অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হওয়ায় বন্ধ হয়ে যায় তাঁর পড়াশোনা। এরপর দীর্ঘ সময় সংসার ও সন্তানদের দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হয় তাঁকে। পাশাপাশি ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

তবে শিক্ষার প্রতি আগ্রহ কখনো হারাননি শেফালী। দীর্ঘ বিরতির পর স্বামী ও সন্তানদের উৎসাহে ২০২০ সালে আবারও পড়াশোনা শুরু করেন। ডোমার উপজেলার গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হয়ে ২০২৩ সালে জিপিএ ৪.২৯ পেয়ে এসএসসি পাস করেন। এরপর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.২১ অর্জন করেন।

সংসারের যাবতীয় কাজ শেষ করে প্রতিদিন রাতে পড়াশোনা করতেন শেফালী। তাঁর এ সাফল্যের পেছনে স্বামী মোকছেদুল আলম এবং সন্তান আব্দুর রাজ্জাকের অকুণ্ঠ সমর্থন ও অনুপ্রেরণা ছিল।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর