রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই উদ্যোক্তাকে ৩ লাখ টাকার ঋণ বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এতে বক্তব্য দেন উদ্যোক্তা মো. রাজিব বাহাদুর, স্বাধীন বাংলা যুব উন্নয়ন ক্লাবের সভাপতি ও যুব সংগঠক মো. গোলাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য তরুণদের দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলারও আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, যুবসমাজ দেশের অন্যতম সম্ভাবনাময় শক্তি। তাদের যথাযথ প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে দেশ আরও এগিয়ে যাবে। তরুণদের শুধু চাকরির আশায় বসে না থেকে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহী হতে হবে।

তিনি আরও বলেন, ঋণের অর্থ সঠিকভাবে কাজে লাগানোর পাশাপাশি নিয়মিত ঋণ পরিশোধ করতে হবে। যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে দুই যুব উদ্যোক্তার প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার যুবঋণের চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় যুব উদ্যোক্তা, যুব সংগঠক, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশের বকশীগঞ্জ প্রতিনিধি মোস্তফা গাজী এবং সাংবাদিক আলামিন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর