চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় শামুক ও ঝিনুক নিধন বন্ধে নাটোরের সিংড়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশকর্মীরা। অভিযানে তিন ব্যবসায়ীকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া শামুকবোঝাই একটি ট্রাক ও নৌকা জব্দ করে উদ্ধার করা শামুক চলনবিলের উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে চলনবিলের ডাহিয়া ও সাতপুকুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, চলনবিলের জীববৈচিত্র্য ধ্বংস করে শামুক-ঝিনুক নিধনের দায়ে বাংলাদেশ বন্যপ্রাণী আইন অনুযায়ী তিন ব্যবসায়ীকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে সাড়ে তিন হাজার কেজি শামুক উদ্ধার করে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন দিনাজপুরের হরিরামপুর এলাকার মৃত শানচু তোপ্পের ছেলে শুকচান, একই জেলার পলাশবাড়ি এলাকার সানা মিয়ার ছেলে শাহজাহান এবং জয়পুরহাটের হাজারাপুর এলাকার মুদলীর ছেলে স্বপন।
এই বাংলা/এমএস