বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে ডিসির গণশুনানি, কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে সাধারণ মানুষের নানা সমস্যা ও অভিযোগ শুনেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত গণশুনানিতে তিনি সেবাপ্রত্যাশীদের বক্তব্য শোনেন এবং কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন। এ সময় সেবাপ্রত্যাশীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ গণশুনানিতে চিকিৎসা সহায়তা, ভূমি-সংক্রান্ত জটিলতা, কর্মে অক্ষমতা ও আর্থিক অসচ্ছলতাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

জেলা প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। সমস্যার ধরন ও গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।

গণশুনানির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সেবাপ্রত্যাশীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। বর্তমান সরকারের আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

জেলা প্রশাসন জানায়, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিক সমস্যার দ্রুত সমাধান এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ধারাবাহিকতায় এ গণশুনানির আয়োজন করা হয়েছে।

এ ধরনের গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসকের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে প্রশাসন ও নাগরিকদের মধ্যে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হচ্ছে বলে মনে করছে জেলা প্রশাসন।

জেলাবাসীর প্রত্যাশা, এ ধরনের গণশুনানি নিয়মিত অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সরকারি সেবার মান আরও উন্নত হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর