সরকারি সফরে রাজশাহীতে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, এমপি। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় মন্ত্রী ও সিটি করপোরেশনের প্রশাসকের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। বিমানবন্দরে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারাও মন্ত্রীকে স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মন্ত্রীর। সভায় রাজশাহী বিভাগের আট জেলার সার, বীজ, সেচ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতসহ সামগ্রিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচা মরিচ ও টমেটো চাষ সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ে রাজশাহীর বিভিন্ন উৎপাদন এলাকা পরিদর্শন করবেন মন্ত্রী। এ সময় আমবাগান, লিচুবাগান এবং হলুদ ও তুলার আন্তঃফসল চাষের এলাকা ঘুরে স্থানীয় উৎপাদনকারীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
একই দিন বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের সম্ভাব্য উৎপাদন এলাকা পরিদর্শন এবং স্থানীয় উৎপাদনকারীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনকক্ষে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার আম, লিচু, কাঁচা মরিচ ও টমেটো চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।
এই বাংলা/এমএস