জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে ‘জলবায়ু সচেতনতা ও ক্লাইমেট অলিম্পিয়াড’।
ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (ভিডিএফ) বরিশাল জেলা শাখার উদ্যোগে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অসীম কুমার ওঝা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (ভিডিএফ) বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি সানাউল্লাহ রেজা শাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভিডিএফ বরিশাল বিভাগীয় সহসভাপতি (১) সুমাইয়া খান মালিহা, বরিশাল জেলা সহসভাপতি (১) আনিকা সুলতানা, সহসভাপতি (২) সৈয়দা আজমিরা জিম, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা রানি দাশ এবং গৌরনদী উপজেলা শাখার স্বেচ্ছাসেবকেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলা সাধারণ সম্পাদক সৌরভ দাস।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ক্লাইমেট অলিম্পিয়াড। এতে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে মেডেল ও পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ প্রজন্মের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি, জলবায়ুবিষয়ক জ্ঞান বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে তাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সচেতনতা, জ্ঞান ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সবুজ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে কর্মসূচিটি শেষ হয়।
এই বাংলা/এমএস