ডেস্ক রিপোর্ট :
বিশ্ব সংগীত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আগামী ২৭ জুন (শনিবার) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন। দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন (DUCF) অংশ নেবে বর্ণাঢ্য সংগীত সন্ধ্যায়।
অনুষ্ঠানটি আয়োজন করছে শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আর্টিস্ট ক্লাব লিমিটেড, তাদের নিয়মিত সান্ধ্য আয়োজন “সন্ধ্যা প্রদীপ”-এর অংশ হিসেবে। রাজধানীর বনানী রোড নং ১৮ এক্সটেনশন, ব্লক-জে, হাউস নং ৫৬-এ অবস্থিত আর্টিস্ট ক্লাব লাউঞ্জে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে। মূল পর্ব শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
আয়োজকরা জানান, এবারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সের-শারলে। তাঁদের মতে, এই আয়োজন বাংলাদেশ ও ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
DUCF-এর শিল্পীরা এই আয়োজনে একটি ইন্টারঅ্যাকটিভ “মিউজিক্যাল মেহফিল” উপহার দেবেন বলে জানিয়েছেন। এতে থাকবে দলীয় কণ্ঠসংগীত ও একক পরিবেশনার সমন্বয়, যা দর্শক-শ্রোতাদের জন্য একটি নিবিড় সাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করবে।
সংগঠনটির ইতিহাস অনুযায়ী, ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মাধ্যমে ১১০ জন তরুণ-তরুণী নিয়ে DUCF-এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে সংগঠনটি আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ভারত, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরেছে।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত হলেও আসন সীমিত। তাই আগ্রহী দর্শক, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিদের আগেভাগে আসন সংরক্ষণের অনুরোধ জানানো হয়েছে।

