বিশ্বখ্যাত মূকাভিনয় শিল্পী ও মূকাভিনয়ের কিংবদন্তি মার্সেল মার্সোর ২০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা ও মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন মূকাভিনয় দল ও শিল্পীরা অংশ নেন।
অনুষ্ঠানের অন্যতম পরিবেশনা ছিল প্যান্টোমাইম মুভমেন্টের পরিবেশনা। দলটির সাধারণ সম্পাদক শান্তনু দাশ একক অভিনয়ে মার্সেল মার্সোর গল্প অবলম্বনে মূকাভিনয় ‘খাঁচা (The Cage)’ পরিবেশন করেন। পরিবেশনাটির আবহসংগীত করেন তামান্না বিনতে আজাদ।
‘খাঁচা’ মূকাভিনয়ে মানুষের অনুভূতি, বন্দিত্ব, আকাঙ্ক্ষা ও মুক্তির আকুলতাকে শব্দহীন অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। দেহভাষা, অঙ্গভঙ্গি, মুখাভিব্যক্তি, শরীরের ছন্দ ও নীরব অভিনয়ের মাধ্যমে মানুষের অস্তিত্ব এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়।
মূকাভিনয়ের আন্তর্জাতিক অঙ্গনে মার্সেল মার্সো নীরবতাকে শক্তিশালী শিল্পভাষায় রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর অভিনয়শৈলী ও শিল্পভাবনা বিশ্বের বহু মূকাভিনয় শিল্পীকে অনুপ্রাণিত করেছে।
আয়োজকরা জানান, মার্সেল মার্সোর স্মরণে এ আয়োজনের মাধ্যমে তাঁর শিল্প ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নীরবতার ভাষা, দেহভাষা ও শারীরিক অভিনয়ের শিল্পসম্ভাবনাকে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে মূকাভিনয়চর্চাকে আরও বিস্তৃত করার প্রত্যয়ও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মূকাভিনয়প্রেমী, সংস্কৃতিকর্মী, শিল্পী, নাট্যকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শক উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস