বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শাকিব খানের ‘মহব্বত’-এর গল্প-চিত্রনাট্যে এবার আরএনএআর

বিনোদন ডেস্ক
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চলচ্চিত্রের ভুলত্রুটি নিয়ে নিয়মিত বিশ্লেষণ ও সমালোচনা করে পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর মো. রাশেদুজ্জামান রাকিব, যিনি আরএনএআর (RnaR) নামে পরিচিত, এবার যুক্ত হয়েছেন শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘মহব্বত’-এর গল্প ও চিত্রনাট্য লেখার কাজে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া আনুষ্ঠানিকভাবে তাঁর যুক্ত হওয়ার খবর জানায়। এত দিন সিনেমার গল্প, অভিনয়, চিত্রনাট্য ও নির্মাণের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন আরএনএআর। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরাসরি চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য রচনায় যুক্ত হচ্ছেন তিনি।

এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। দর্শকদের একাংশ তাঁর নতুন উদ্যোগ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আবার সমালোচক হিসেবে পরিচিত রাকিবের নিজের লেখা গল্প কেমন হবে, তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে।

সাগর নামে একজন মন্তব্য করেছেন, ‘এইবার দেখার পালা রাকিবের ভুল কে ধরে।’ মো. শামীম মুন্না লিখেছেন, এত দিন অন্যদের ভুল ধরেছেন, এবার তাঁর নিজের কাজ কতটা ভালো হয়, সেটিই দেখার বিষয়। অন্য এক দর্শক প্রশ্ন তুলেছেন, ‘মহব্বত’ মুক্তির পর আরএনএআর কি নিজের সিনেমারও রিভিউ করবেন?

তবে এসব আলোচনা ও প্রশ্নের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রাকিব।

‘মহব্বত’ পরিচালনা করছেন মো. হিমেল আশরাফ। সিনেমাটির প্রযোজক মো. আরশাদ আদনান। এর আগে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা প্রযোজনা করে আলোচনায় আসেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ভারত বা পাকিস্তানের কোনো নতুন মুখকে নায়িকা হিসেবে নেওয়া হতে পারে বলে আলোচনা থাকলেও বিষয়টি নিশ্চিত নয়।

এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে আরএনএআরের নতুন ভূমিকা। এত দিন অন্যের সিনেমার গল্প, চিত্রনাট্য ও নির্মাণের খুঁটিনাটি বিশ্লেষণ করেছেন তিনি। এবার নিজের গল্প ও চিত্রনাট্যের মাধ্যমে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন, তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমাটির পরবর্তী অগ্রগতি ও মুক্তি পর্যন্ত।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর