দুর্গাপূজা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার ৬৮টি পূজামণ্ডপের পরিচালনা কমিটির কাছে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় ওয়াদুদ ভূঁইয়া বলেন, উৎসবের পবিত্রতা ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। একে অপরের সঙ্গে আত্মীয়সুলভ ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। এর মাধ্যমে সবাই মিলে উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন এবং একটি আনন্দঘন পরিবেশ তৈরি হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, ক্ষেত্রমোহন রোয়াজা, কুহেলী দেওয়ান ও তাসলিমা সিরাজ।
এ ছাড়া খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস