পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
সভায় পিরোজপুর জেলা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা, হাসপাতালের অবকাঠামো এবং চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, পিরোজপুরের সিভিল সার্জন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সভাপতির নেতৃত্বে কমিটির সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এই বাংলা/এমএস