খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত (Severe Acute Malnutrition—SAM) শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম. মোজাম্মেল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহামুদুল হাসান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিন।
অনুষ্ঠানে রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ চুরাপ্রু মারমা, হেলেন কেলার ইন্টারন্যাশনালের খাগড়াছড়ি প্রতিনিধি ও সিনিয়র অফিসার (নিউট্রিশন) রিমি চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী সাহলাপ্রু মারমা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ দেওয়ায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও জাবারাং কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের সহায়তা শিশুস্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখবে এবং অপুষ্টিজনিত ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
তিনি হস্তান্তর করা উপকরণগুলোর যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবগঠিত স্যাম ইউনিট পরিদর্শন করেন এবং সেখানে শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শিশু অপুষ্টি প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস