বগুড়ায় উন্নয়ন প্রকল্পে বড় পরিকল্পনার ঘোষণা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা জানালেন প্রতিমন্ত্রী
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শুক্রবার, ১২ জুন, ২০২৬
স্টাফ রিপোর্টার :
বগুড়াসহ সারাদেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নবনির্মিত প্রেসক্লাব ভবন পরিদর্শন করেন।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।
প্রতিমন্ত্রী বলেন, শহরের বাইরে একটি আধুনিক বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। প্রস্তাবটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও জানান, বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, কার্গো সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিমানঘাঁটি স্থাপনের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।
মীর শাহে আলম বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসা গঠনের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ নির্মাণে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার প্রকল্প একনেকে উপস্থাপন করা হবে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের জন্য ২২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
শহরের রেললাইন স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, রাণীরহাট থেকে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন মহাসড়ক চার ও ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দের কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং পরিকল্পিতভাবে কাজ করা হবে।
অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করা হয়। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গাবতলীর একটি কাঁচা সড়কে অস্থায়ীভাবে ইট বিছানো প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তার কারণে এটি করা হয়েছিল এবং এখন স্থায়ী উন্নয়নকাজ শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।