কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়লই দ্বিমুখী দাখিল মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রকে মাদক সেবনের অভিযোগে বহিষ্কার করেছে মাদরাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় মাদরাসার শ্রেণিকক্ষের নোটিশ বহিতে লিখিতভাবে বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থী মো. আবু সায়েদ। সে উপজেলার বড়লই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।
মাদরাসার শ্রেণিকক্ষের নোটিশ বহিতে থাকা লিখিত তথ্য অনুযায়ী, দশম শ্রেণির ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে মাদরাসা কর্তৃপক্ষ আলোচনা করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। নোটিশে মাদক সেবনের অভিযোগের পাশাপাশি প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কথাও উল্লেখ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্তৃপক্ষের স্বাক্ষর রয়েছে।
এদিকে শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় মাদরাসার সহপাঠীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ।
বড়লই দ্বিমুখী দাখিল মাদরাসার সুপার মো. নুরুল ইসলাম সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকের সঙ্গে সম্পৃক্ত কেউ থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। একজন মাদরাসা শিক্ষার্থী হিসেবে যে নীতি-নৈতিকতা ও আদর্শ থাকা উচিত, তা তার মধ্যে নেই। তাই মাদরাসা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।”
তবে মাদক সেবনের অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী মো. আবু সায়েদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।