মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

কুড়িগ্রামে বিদ্যালয় তালাবদ্ধ, শিক্ষক অনুপস্থিত: তদন্তের নির্দেশ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলার খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব শিক্ষক অনুপস্থিত থাকায় বিদ্যালয় তালাবদ্ধ থাকা ও শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একই সঙ্গে দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক মো. তৌহিবুল হক স্বাক্ষরিত এক চিঠিতে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, সোমবার (১৭ আগস্ট) খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। বিদ্যালয়টি তালাবদ্ধ ছিল এবং জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বাইরে অবস্থান ও আন্দোলন করে।

এতে আরও উল্লেখ করা হয়, ১৮ আগস্ট থেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর আগের দিন বিদ্যালয়ে কোনো শিক্ষক উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের এ ধরনের দায়িত্বে অবহেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান ব্যাহত হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়ের চরম অব্যবস্থাপনার প্রকৃত কারণ তদন্ত করে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট ক্লাস্টারের সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার কারণ ব্যাখ্যা করে জবাব দিতে বলা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) বরাবর জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অধিদফতরের নির্দেশের পর কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৃথক চিঠি দিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় স্বাক্ষরিত ওই চিঠিতে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠিতে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সংশ্লিষ্ট সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ দায়িত্বে অবহেলার কারণ ব্যাখ্যা করে আগামী দুই কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর