মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন

দৌলতপুরে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বানিয়াঘোনা এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে মো. নাঈম হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বানিয়াঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

স্থানীয় সূত্র ও অভিযানসংশ্লিষ্টরা জানান, বানিয়াঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ ড্রেজার বসিয়ে নদী ও ফসলি জমি-সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও নদীর তীরবর্তী এলাকা ঝুঁকির মুখে পড়ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ড্রেজার মালিক মো. নাঈম হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে বালু পরিবহনে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট পাইপলাইনের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। বানিয়াঘোনা এলাকায় অবৈধ ড্রেজার চালিয়ে বালু উত্তোলনের সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বালু সরবরাহের ৫০০ ফুট পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী বা ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে কোনো ধরনের অবৈধ ড্রেজার চালাতে দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর